আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:১৫

হুতিদের বিরুদ্ধে মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করেছে সৌদি-নেতৃত্বাধীন জোট। ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-নেতৃত্বাধীন জোট ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে এ সপ্তাহে সৌদি আরবের পবিত্র শহর মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ এনেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
এদিকে ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে, তারা তাইজ প্রদেশে হুতিদের একটি বড় ধরনের হামলা প্রতিহত করছে এবং তাদের যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
সৌদি-নেতৃত্বাধীন জোট বলছে, গেল মঙ্গলবার মদিনায় অবস্থিত একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে—যা মসজিদে নববীতে (নবীর মসজিদে) বিদ্যুৎ সরবরাহ করে—হামলা চালানো হয়েছে; এতে একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।
তাদের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষের তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষায় এই হামলা পরিকল্পনা ও বাস্তবায়নে হুতিদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।
হুতি-পরিচালিত বার্তা সংস্থা সাবা জানায়, হুতিদের এক সামরিক সূত্র এই অভিযোগ অস্বীকার করেছে। তারা এটিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেছে, হুতিরা ইসলামের পবিত্র নগরী মক্কায় হামলা চালিয়েছিল—সৌদি আরবের এমন আগের অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনে ব্যর্থতা আড়াল করার উদ্দেশেই এই নতুন অভিযোগ তোলা হয়েছে।
জোটটি দাবি করেছে, মদিনায় চালানো এই হামলাটি ছিল পবিত্র দুটি মসজিদ—মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববী—কে লক্ষ্যবস্তু করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের ‘উসকানি’ দেওয়ার লক্ষ্যে হুতিদের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। জোটটি আরও জানায়, পবিত্র স্থানের সুরক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।
আলাদাভাবে জোটটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের ওপর দিয়ে হুতিদের উৎক্ষেপণ করা চারটি ড্রোন এবং খামিস মুশাইত ও জাজান—উভয়ই দক্ষিণাঞ্চলীয় শহর—এর ওপর দিয়ে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

