আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি বিভাগগুলোর বিজয়ীদের নাম জানানো হবে স্টকহোম থেকে।
প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর, ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। তার উইলে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি ক্ষেত্রে পুরস্কারের কথা উল্লেখ ছিল। অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় পরে, ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে থাকবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

