অর্থ-বাণিজ্য

বৃষ্টিতে ক্রেতা কমলেও স্বস্তি নেই বাজারে, বেড়েছে মাছ-মুরগির দাম

শিমুল হোসেন

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:১২

বৃষ্টিতে ক্রেতা কমলেও স্বস্তি নেই বাজারে, বেড়েছে মাছ-মুরগির দাম

মাছ ও মুরগির ফাইল ছবি

সকাল থেকে বৃষ্টি থাকায় রাজধানীর বাজারগুলোতে অন্যান্য দিনের তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তবুও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বৃষ্টির মধ্যেই বাজারে আসছেন কেউ কেউ। পছন্দের পণ্য কিনতে দরদাম করছেন ক্রেতারা। অন্যদিকে ক্রেতার অপেক্ষায় সময় কাটাচ্ছেন বিক্রেতারাও। তবে বৃষ্টির কারণে বেচাকেনা কম থাকলেও সবজির দাম খুব একটা কমেনি। পরিবহন খরচ বাড়ায় মাছ ও মুরগির দামও ঊর্ধ্বমুখী।


শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, শশা ৮০ থেকে ১০০ টাকা, কচু ৬০ টাকা, করলা ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকা দরে। তবে বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম। অন্যদিকে আড়ত থেকে বেশি দামে সবজি কিনে আনতে হলেও ক্রেতা না থাকায় বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। ফলে অনেক সময় কম দামেই সবজি ছেড়ে দিতে হচ্ছে।


সবজি বিক্রেতা আনিস বলেন, ‘বাজারে ক্রেতা কম। সবজি বেশি দামে কিনে আনলেও সেই দামে বিক্রি করা যাচ্ছে না। ক্রেতা না থাকায় কম দামেই বিক্রি করতে হচ্ছে।’


এদিকে ডিমের বাজারে কোনো পরিবর্তন নেই। লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা ডজন। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম একই রয়েছে।


তবে মুরগির বাজারে বেড়েছে দাম। পোল্ট্রি মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগি ৩০০ থেকে ৩১০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ বাড়ায় কেজিপ্রতি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।


মাছের বাজারেও একই চিত্র। রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, কৈ ২২০ টাকা এবং পাঙাস ২২০ টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।


বিক্রেতারা বলছেন, মাছ ও মুরগি বাজারে আনতে পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে বৃষ্টিতে ক্রেতা কম থাকলেও মাছ ও মুরগির দাম কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে।

বৃষ্টিতে ক্রেতা কমলেও স্বস্তি নেই বাজারে, বেড়েছে মাছ-মুরগির দাম | সময় নিউজ