প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩

ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে একটি ভাসমান কাঠের বোট দেখতে পায় মাছ ধরার ট্রলার এফভি ক্রিস্টাল-১। বোটটির লোকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ। এ সময় বোটটিতে পানি ঢুকে পড়ায় দ্রুত পানি নিষ্কাশন করে নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার করা হয় ৭৬ জনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। আর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে।
নৌবাহিনী জানায়, তাদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও মানবিক সহায়তা দেয়া হয়েছে।
আটক ১১ জন ও জব্দ বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

