বাংলাদেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১৬৩

প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১৬৩

নোয়াখালীতে জেলা পুলিশের কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক করা হয় ১৬৩ জনকে / ফাইল ছবি

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে পূর্বের মামলায় ২ জন এবং পুলিশের ৩৪ ধারায় ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ১৫২ জন কিশোরকে ভবিষ্যতে অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং উঠতি বয়সী কিশোররা যাতে মাদক, ইভটিজিংসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত গ্যাংবিরোধী এই সাঁড়াশি তৎপরতা চালানো হচ্ছে।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, ‘কিশোর অপরাধ নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে যাবে জেলা পুলিশ।’

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১৬৩ | সময় নিউজ