ইসলাম ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

মুফতি আবু মুহাম্মাদ রাহমানীর নতুন সিরাতগ্রন্থ ‘সত্যের আলোয় প্রিয় নবী
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলায় মুফতি আবু মুহাম্মাদ রাহমানীর নতুন সিরাতগ্রন্থ ‘সত্যের আলোয় প্রিয় নবী (সা.) : সমকালীন সংশয়, আপত্তি ও অপপ্রচারের প্রামাণ্য জবাব’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসলামি বইমেলার আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। দেশের অন্যতম ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি।
বইটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র চরিত্র, গুণাবলি ও জীবনাদর্শের বিভিন্ন দিক কুরআন-সুন্নাহ ও প্রামাণ্য দলিলের আলোকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নবীজি (সা.)-এর জীবন ও চরিত্র নিয়ে ইসলামবিদ্বেষীদের বিভিন্ন অভিযোগ, সংশয় ও আপত্তির যুক্তিনির্ভর জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
লেখক মুফতি আবু মুহাম্মাদ রাহমানী বলেন, সমকালীন সময়ে মহানবী (সা.)-এর চরিত্র ও সিরাত নিয়ে নানা ধরনের সংশয়, আপত্তি ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে পাঠকদের মধ্যে সঠিক ধারণা তৈরি এবং প্রামাণ্য তথ্যের মাধ্যমে বিভ্রান্তি দূর করাই বইটির অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন,
এ বইটিতে নবীজি (সা.)-এর পবিত্র চরিত্রে কলঙ্ক লেপনের জন্য ইসলামবিদ্বেষীদের মিথ্যা অভিযোগগুলোর জবাব দেওয়া হয়েছে। পাশাপাশি নবীজি (সা.)-এর সিরাতের নানাদিক দলিলিকভাবে তুলে ধরা হয়েছে। আশা করি বইটি সর্বমহলের জন্য উপকার হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আল্লাহ যেন বইটিকে আমাদের নাজাতের ওসিলা বানান।
মুফতি আবু মুহাম্মাদ রাহমানী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আদর্শের আলোকে কুরআন-সুন্নাহর বিষয়গুলো সহজ-সাবলীলভাবে উপস্থাপনের পাশাপাশি ইসলামবিদ্বেষী ও নাস্তিক্যবাদী বিভিন্ন আপত্তির দলিলভিত্তিক জবাব দিয়ে আসছেন। এর আগে তার ‘শেষ জামানার ভয়ংকর ফেতনা’, ‘প্রচলিত শিরক ও নিফাক’, ‘ঈমান ভঙ্গের কারণ’ এবং **‘আদর্শ সমাজ গঠনে আল-কুরআনের অবদান’**সহ বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
নতুন সিরাতগ্রন্থটির প্রকাশনা উপলক্ষে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও সিরাত সম্পর্কে পাঠকদের জ্ঞানার্জনের পাশাপাশি সমকালীন বিভিন্ন সংশয় ও আপত্তি বোঝার ক্ষেত্রেও গ্রন্থটি সহায়ক হবে।

