মহানগর ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১

দেশে কৃত্রিমভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট তৈরি করা হলে কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে সারা দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক অনলাইন বৈঠকে জ্বালানি মন্ত্রী এসব নির্দেশ দেন।
বৈঠকে দেশের কোথাও এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে কি না, তা মাঠপর্যায়ে খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি বা সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কেন বাজারে ঘাটতির কথা শোনা যাচ্ছে এবং কেন ভোক্তা পর্যায়ে বেশি দাম আদায় করা হচ্ছে–সে বিষয়ে মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করে এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া যেসব এলাকায় সরবরাহ কম থাকবে, সেখানে অতি দ্রুত এলপিজির সরবরাহ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

