বাংলাদেশ

৯ মাসে ৯৩১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি সরাইল রিজিয়ন

প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৬

৯ মাসে ৯৩১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি সরাইল রিজিয়ন

বিজিবির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্ব সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল রিজিয়ন গত ৯ মাসে ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানি ও ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দিনরাত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড গুলি, ১৯ কেজি বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার।

এছাড়া মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১৩ হাজার পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল ভারতীয় মদ, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ বোতল এসকাফ সিরাপ, বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান এবং মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ ও চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির এই সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক:

৯ মাসে ৯৩১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি সরাইল রিজিয়ন | সময় নিউজ