নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:১৯

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানী ঢাকা শহরকে ব্যাটারিচালিত রিকশা কলাপস করে ফেলেছে। যত্রতত্র ব্যাটারিচালিত রিকশার কারণে শহর ফাংশন করছে না। এটির চলাচলে নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
এ সময় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, কোনটা নাগরিকের অধিকার আর কোনটা দাবি বুঝতে না পারার কারণেই এতবছর পর বিরোধীদল হতে পেরেছে তারা।
সড়কমন্ত্রী বলেন, সংস্কার ও পরিবেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এখানকার পরিবেশ ও নাগরিক সুবিধা উন্নত করতে কাজ করছি। নির্বাচনী অঙ্গীকার ছিলো। প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। যেখানে নাগরিকরা এসে এখানে বিনোদন পেতে পারে। আজ ধানমন্ডি ও ঢাকাবাসীর জন্য আনন্দের দিন।
তিনি আরও বলেন, এখানে জিম হবে, লাইব্রেরি হবে একটা আধুনিক স্থান হবে এটি। আধুনিক লেকের সমস্ত ফ্যাসিলিটিজ থাকবে। কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিক রাখতে হবে। নাগরিকদের সচেতন হতে হবে। লেকের আশপাশের বাড়িগুলো থেকে যেন ময়লা ফেলা না হয়। আসুন সবাই মিলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখি।

