আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২০:৪৯

হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল ইয়াহিয়া সারি। ছবি: এপি
ইয়েমেনের হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গোষ্ঠীটি সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় অবস্থিত সৌদি জ্বালানি জায়ান্ট আরামকোর স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘উভয় অভিযানই সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত, যার ফলে লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।’
যদিও সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর আল জাজিরা’র।
গোষ্ঠীটি এই হামলাগুলোকে ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে এবং সৌদি সামরিক ও তেল স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিয়েছে।
ইয়াহিয়া সারি বলেন, ‘শত্রুপক্ষ আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অন্যায্য আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও তীব্র বিমান হামলা চালাচ্ছে; গত ১২ ঘণ্টায় রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।’

