আন্তর্জাতিক

মাঝ আকাশে পাইলটদের বাকবিতণ্ডা, তেল আবিবগামী বিমানের সৌদিতে জরুরি অবতরণ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮

মাঝ আকাশে পাইলটদের বাকবিতণ্ডা, তেল আবিবগামী বিমানের সৌদিতে জরুরি অবতরণ!

গত ৯ সেপ্টেম্বর ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট জরুরি সংকেত দেয়ার পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রাথমিকভাবে উড়োজাহাজ ছিনতাইয়ের আশঙ্কা করা হলেও পরে তা নাকচ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজে থাকা দুই পাইলটের মধ্যে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফ্লাইটটি সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক কোড ৭৭০০’ পাঠায়। পরে ‘৭৫০০’ কোড পাঠানো হয়, যা উড়োজাহাজ ছিনতাই বা ‘অবৈধ হস্তক্ষেপ’-এর সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনার পর ইসরাইলি বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়োজাহাজটির দিকে পাঠানো হয়। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানায়, এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠকে বসেন।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফ্লাইটটি কিছু সময়ের জন্য ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে আর দেখা যাচ্ছিল না। পরে এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
 

মাঝ আকাশে পাইলটদের বাকবিতণ্ডা, তেল আবিবগামী বিমানের সৌদিতে জরুরি অবতরণ! | সময় নিউজ