আন্তর্জাতিক

বিদেশি কূটনীতিকদের হঠাৎ কেন কিয়েভ ছাড়তে বললো রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

বিদেশি কূটনীতিকদের হঠাৎ কেন কিয়েভ ছাড়তে বললো রাশিয়া?

রাশিয়ার জেট-চালিত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একাডেমি অব সায়েন্সেস ভবনে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ‘লক্ষ্যভিত্তিক হামলা’ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে, বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া শনিবার (৩ অক্টোবর) জানিয়েছে—তারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির অন্যান্য শহরে লক্ষ্যভিত্তিক পাল্টা হামলা অব্যাহত রাখবে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে রুশ সশস্ত্র বাহিনী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে ও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।’

 

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বিদেশি নাগরিকদের, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের, ইউক্রেনে অবস্থান না করার অথবা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করছে। এই সতর্কতা উপেক্ষা করার ফলে কোনো ধরনের বিরূপ পরিণতি ঘটলে তার সম্পূর্ণ দায়ভার তাদেরই নিতে হবে।

 

সম্প্রতি কিয়েভের অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবারের এক বিমান হামলায় দিনিপ্রো নদীর ওপর থাকা একটি সেতুতে আঘাত হানা হয়। রাশিয়ার ক্রমবর্ধমান হামলা কিয়েভের ৩০ লাখ বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে।

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, রাশিয়ার ওপর ইউক্রেনের হামলার মূল্য ইউক্রেনকেই দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে। রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাবে।

 

সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণসাগরে একে অপরের শস্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। একই সময়ে রাশিয়ার তেল শোধনাগারসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।

 

তবে দুই পক্ষই বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

বিদেশি কূটনীতিকদের হঠাৎ কেন কিয়েভ ছাড়তে বললো রাশিয়া? | সময় নিউজ