বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪

নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ছবি: সংগৃহীত
রোববার (৪ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়।
কাস্টমস হাউস জানায়, বিমান থেকে নামার পর সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখেন সংশ্লিষ্টরা। যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। এ সময় তার শরীর থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস জানায়, স্বর্ণের বারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় ওই যাত্রীর শার্টের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। পাশাপাশি কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী স্বর্ণের বিষয়ে কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।
আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস হাউস।

