বাংলাদেশ

কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ছাড় নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:৫১

কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ছাড় নয়: আইনমন্ত্রী

ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সময় সংবাদ

কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক অনুধাবন আছে। কিন্তু রাতারাতি সব পাল্টে ফেলা সম্ভব না। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সেই কাজ আজ শুরু হলো। ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। ধরে নেয়া হয়, যাদের এখানে পোস্টিং তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিংয়ের মধ্যে প্রথম লটারি হচ্ছে।

 

মো. আসাদুজ্জামান বলেন, সারা দেশে ‘এ’ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রার পোস্ট আছে ১৩১ জনের। ঢাকার পোস্টগুলো ‘এ’ ক্যাটাগরির। লটারির মাধ্যমে ১৮ জনের পোস্টিং হলো আজ। এক সপ্তাহের মধ্যে তাদের পদায়ন হবে। যাদের নাম উঠবে, তাদের মধ্যে সবচেয়ে দক্ষদের ঢাকায় দেয়ার চেষ্টা করা হবে। এই লটারি প্রক্রিয়া চলমান থাকবে। সব জায়গায় আস্তে আস্তে সমাধানের পথ বের করা হবে।

 

‘লটারির পর সাক্ষাৎকার নিয়ে দক্ষতার ভিত্তিতে যে যতটুকু লোড নিতে পারবে, সেই অনুসারে পোস্টিং হবে। কেউ দুর্নীতি করলে ঢাকায় রাখা হবে না। যেখানে দুর্নীতির আখড়া, সেই সিন্ডিকেট ভাঙার জন্য লটারি প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে’, যোগ করেন মন্ত্রী।

 

তিনি বলেন, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনো কোনো সাংবাদিক মাসোহারা চাচ্ছে। কারও কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে। সাব-রেজিস্ট্রাররাও কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়া হবে। কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে কাউকে হয়রানি করা হবে না, আর অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতি রোধ করতে সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

 

এ সময় আইনমন্ত্রী আরও জানান, সারা দেশে ৩৭২ সাব-রেজিস্ট্রার আছে। পদ খালি আছে ১৩৯টি।

প্রাসঙ্গিক:

কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ছাড় নয়: আইনমন্ত্রী | সময় নিউজ