মহানগর ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৮:০৯

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগের মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বিইআরসি জানায়, শুধু ১২ কেজিই নয়, প্রতি কেজি এলপিজির ভিত্তিমূল্যও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারিত হবে ১৫৩ টাকা ৬ পয়সা হিসেবে। সেই অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম চূড়ান্ত হবে। আগে প্রতি কেজির দাম ধরা হয়েছিল ১৩২ টাকা ১২ পয়সা।
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত এপ্রিলে দেশেও এলপিজির ইতিহাসে সর্বোচ্চ দাম বাড়ার ঘটনা ঘটে। ওই মাসের শুরুতে ১২ কেজির সিলিন্ডারে ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ২১২ টাকা বাড়ানো হয়েছিল। এরপর জুন ও জুলাইয়ে পরপর দুই মাস দাম কিছুটা কমানো হলেও এখন আবার বাড়ল।
সংস্থাটি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দর সমন্বয় করে। তবে বিইআরসি দাম নির্ধারণ করে দিলেও মাঠপর্যায়ে সেই দামে গ্যাস বিক্রি হচ্ছে না বলে সাধারণ ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ।

