খেলা

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার নারী দল ঘোষণা করা হয়েছে।  অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা পেয়েছেন সোফি মলিনিউ। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক দীর্ঘদিন ধরেই চোটের সমস্যায় ভুগছেন। সর্বশেষ হিপের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য তিনি লড়াই করছেন।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, 'হিপের চোট থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।'

 

দুই সিরিজের জন্যই অস্ট্রেলিয়া ১৪ সদস্যের ছোট দল ঘোষণা করেছে।

 

জাতীয় নির্বাচক শন ফ্লেগলার বলেন, 'সোফিকে দলে রাখা হয়েছে, তবে সে হিপের চোট সামলাচ্ছে। তাই আগামী কয়েক দিন তার সিরিজে অংশগ্রহণের বিষয়টি মূল্যায়ন করা হবে।'

 

এদিকে পিঠের চোটের কারণে দারসি ব্রাউনকে দলে রাখা হয়নি। অন্যদিকে, কোয়াড্রিসেপসের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না লুসি হ্যামিল্টন। ফ্লেগলার বলেন, 'অনুশীলনের সময় লুসির হালকা কোয়াড্রিসেপসের চোট হয়েছে। তবে আমরা আশাবাদী, টি-টোয়েন্টি সিরিজের আগে সে সুস্থ হয়ে পুরোপুরি প্রস্তুত হতে পারবে।'

 

তিনি আরও বলেন, 'ভারতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফর শেষে দেশে ফেরার পর দারসির পরীক্ষা করা হয় এবং তার পিঠে চোট ধরা পড়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নারী বিগ ব্যাশ লিগে তার খেলার সক্ষমতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।'

 

দলে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত গ্রেস হ্যারিস। তবে ফ্লেগলার স্পষ্ট করেছেন, ভবিষ্যতের পরিকল্পনায় হ্যারিস এখনো বিবেচনায় রয়েছেন। তিনি বলেন, 'টি-টোয়েন্টি দল ছোট করা হয়েছে এবং বিশ্বকাপেও খেলার সুযোগ ছিল সীমিত। তাই গ্রেস হ্যারিস দলে জায়গা না পাওয়াটা দুর্ভাগ্যজনক।'

 

ফ্লেগলার আরও বলেন, 'বিশ্বকাপের পর এই ছয়টি ম্যাচ আমাদের দলের জন্য দারুণ চ্যালেঞ্জ হবে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডদুই দলই আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।'

 

অস্ট্রেলিয়ার স্কোয়াড: নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন*, আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

 

*লুসি হ্যামিল্টন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

 

আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে। 

 

এরপর ১৮-২২ অক্টোবর নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। 
 

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা | সময় নিউজ