হাসান ওয়ালী
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২

ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ইতিহাসের উদাহরণ টেনে আমানউল্লাহ আমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তখন ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছে। তবে ইতিহাস বলে, কোনো পলায়নকারী ফ্যাসিস্ট কোনো দিন ফিরে আসতে পারেনি; এরাও আর কখনও ফিরে আসতে পারবে না।
দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, পালিয়ে থাকা নেতৃত্ব তাদের কর্মীদের চাঙা রাখতে নানা কথা বলছেন, কিন্তু খালি কথায় আর ফেরা যাবে না। এ ছাড়া আরেকটি মহল বিএনপির বিরুদ্ধে অপবাদ দেয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম, একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। গণতন্ত্রের ওপর আঘাত মোকাবিলায় বিএনপি রাজপথেই থাকবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনিদের জায়গা বাংলাদেশে হবে না। এদের যেখানেই দেখা যাবে, ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

