শিক্ষা

বেসরকারি মাদ্রাসার সভাপতি মনোনয়নে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

বেসরকারি মাদ্রাসার সভাপতি মনোনয়নে নতুন নিয়ম

মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত হয়েছে।

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করতে বলা হয়েছে। 

 

পাশাপাশি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

 

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এ প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি গ্রহণ করে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।

 

তবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২ আগস্ট জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশোধিত বিধান অনুযায়ী সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা প্রস্তাব করতে হবে।

 

সংশোধিত বিধানে বলা হয়েছে, মাদ্রাসা প্রধান, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন।

 

তবে সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে প্রস্তাব পাঠাবেন।

 

চিঠিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

বেসরকারি মাদ্রাসার সভাপতি মনোনয়নে নতুন নিয়ম | সময় নিউজ