আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহের অভিযোগে কয়েকটি দেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর (ওএফএসি) এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো চীন, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবভিত্তিক। তারা ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রণালয়ের (এমওডিএএফএল) জন্য অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এই মন্ত্রণালয় ইরানের সশস্ত্র বাহিনীর অস্ত্র গবেষণা, উৎপাদন ও সংগ্রহের দায়িত্বে রয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার তত্ত্বাবধান করে।
ওয়াশিংটনের নতুন পদক্ষেপটি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সরবরাহ ও অর্থায়ন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে যারা উপাদান, প্রযুক্তি বা আর্থিক সহায়তা দিচ্ছে, তাদের নেটওয়ার্ক শনাক্ত ও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।
নতুন নিষেধাজ্ঞার ফলে মার্কিন এখতিয়ারের আওতাধীন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ হবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের অধিকাংশ ধরনের লেনদেন নিষিদ্ধ হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপের মধ্যেই সর্বশেষ এই নিষেধাজ্ঞা এলো। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা চললেও এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স

