আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০২:০৯

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তার নাম খাদিজা বেগম (৬০)। তিনি উত্তর বিজয়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
ফায়ার সার্ভিস জানায়, বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই খাদিজা বেগমের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

