রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমসহ তিনজনকে আসামি করা হয়েছে। অপর আসামি হলেন মরিয়মের মামা ওবায়দুর রহমান।
পুলিশ জানিয়েছে, গতকাল মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা এ মামলায় গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। অবশ্য তিনি প্রথমে বলেছিলেন, ওবায়দুরকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি জানান, ওবায়দুর পলাতক।

