নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:১৮

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত
বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের ঠিকানা হিসেবে গড়তে সরকার কারজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর এক হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে এনগেজমেন্টে আগ্রহী বাংলাদেশ। মিউচুয়াল রেসপেক্টে সম্পর্ক গড়তে চাই আমরা। সরকার ইনভেস্টমেন্ট হাব হিসেবে বাংলাদেশকে গড়তে কাজ করছে।
এ সময় দেশের আর্থ সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের তথ্যও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে একটি ইউনিভার্সেল কার্ড প্রত্যেক নাগরিককে দিতে চায়। এছাড়া শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চাই। শুধু সার্টিফিকেটের জন্য নয়। এরজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণদের যোগ্য করে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, বাকস্বাধীনতাও নিশ্চিত করছে সরকার।
এ সময় প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবসন জরুরি। সংকট শুরু হয়েছে মিয়ানমারে এর শেষও হতে হবে সেখানে।
এ সময় তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য এবং
বাংলাদেশের অবস্থান নিয়ে কথা হবে। সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।

